আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানির প্রথম দিনে ৭০ জন প্রার্থীর মধ্যে ৫২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দিনভর চলা শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫ জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং তিনজনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশন ৭০টি আপিলের মধ্যে ৫২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। ১৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া তিনজন প্রার্থীর আপিল বিবেচনাধীন রয়েছে।”
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে। আপিল গ্রহণ শুরু হয় ৫ জানুয়ারি এবং শেষ হয় ৯ জানুয়ারি। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেছিলেন।
ইসি জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
সংশোধিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে।





